দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিম প্যাদা (৬৫) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে গুরুতর অবস্থায় রহিম প্যাদাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাকের হোসেন বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে আসছিলেন রহিম প্যাদা। তার দোকান থেকে স্থানীয় কামাল হাওলাদার বাকিতে বিভিন্ন খাবার নেন। ঘটনার দিন মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে রহিম প্যাদাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী হিসেবে নিহতের নাতনী জানায়, এর আগেও অভিযুক্তরা দোকানে এসে টাকা না দিয়ে উল্টো হুমকি দিয়েছিল। ঘটনার দিন রাতেও তারা এসে মারধর করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়।
নিহতের ছোট মেয়ে তানজিলা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার বাবার ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আমার বাবা ঢাকায় চাকরি করতেন, পরে গ্রামে এসে দোকান চালাতেন। আমরা ন্যায়বিচার চাই।
তিনি আরও দাবি করেন, হাসপাতালে নেওয়ার সময় তার স্বামীকেও মারধর করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ